নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাটোরের নলডাঙ্গায় বাবাকে শ্বাসরোধ করে হত্যার মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মুরশিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

মামলার সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৮ সালের ১০ আগস্ট জোর করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা আফছার আলীর সাথে ছেলে মুরশিদুল ইসলামের বিবাদ শুরু হয়। এসময় পিতা আফছার আলী সম্পত্তি লিখে না দিতে চাইলে ছেলে মুরশিদুল ক্ষিপ্ত হয়ে পিতার গলা টিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই আফছার আলীর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পিপি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আর্নিকা বেগম বাদী হয়ে তার আপন ভাই মুরশিদুল ইসলামকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মুরশিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন: সাবেক এমপির মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

তিনি আরও জানান, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মুরশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন। 

রায় ঘোষণার সময় আসামী মুরশিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।


একাত্তর/জো