নাটোরে এক যুবদল কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নাটোর শহরের বঙ্গজল এলাকার এনডিটিএ মসজিদের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত জহুরুল ইসলাম বাবু শহরের উত্তর চৌকিরপাড় মাস্টার পাড়া এলাকার আব্দুল বারির ছেলে। অভিযুক্ত শাওন (৩৫) একই এলাকার স্বপন সরকারের ছেলে এবং নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা যুবদলের নেতা সাজ্জাদুল ইসলাম সোহাগের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার বলেন, বর্তমানে সংগঠনের পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে জহুরুল ইসলাম বাবু শহরের বঙ্গজল এলাকার এনডিটিএ মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হন। এসময় যুবদল কর্মী শাওন ওই এলাকায় অবস্থান করছিলেন। বাবু মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে শাওন তাকে ছুরিকাঘাত করে। এসময় শাওনের চিৎকারে লোকজন ছুটে আসায় শাওন সেখান থেকে পালিয়ে যান। এলাকাবাসী আহত বাবুকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয়।
এলাকাবাসী আরও জানান, এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক নয়, ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এলাকায় শাওন ও বাবুর মধ্যে এর আগেও মারপিটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: তিনদিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজের মরদেহ
জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম জানান, বিএনপি করার অপরাধে সপ্তাহ খানেক পূর্বেও জেলা যুবদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক শাওন দাসকে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু ও সুমন গ্রুপ একাধিকবার বেধড়ক মারপিট করে আহত করেন। এসময় শাওনকে বাচাতে এলে তার বৃদ্ধ মাকেও লাঞ্ছিত করা হয়। পৌর নির্বাচনের সময় এরা শাওনের বাড়ি ভাংচুর এবং লুটপাট করে বলেও দাবি করেন তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/জো