মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় আপন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, তার নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার খোয়া গেছে।
আপন জুয়েলার্সের মালিক মহাদেব কুমার পাত্র জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে দুই ভাই বাড়িতে যাই। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি গ্যালারির স্বর্ণালঙ্কারগুলো সাজানো নেয়। ঘরের ভেতরের এক কোণে দেয়াল কাটা। সিসি ক্যামেরা ভাঙা। মেমরি কার্ডও নেই।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বাড়ির তিন তলার ছাদ বেয়ে চোরের দল নিচে নেমে আসে। সেখানে একটি চিকন রাস্তার নিচে দেওয়াল কেটে দোকানে প্রবেশ করে। পরে সিসি ক্যামেরা ভাঙচুর।
তার দাবি, এ সময় ক্যাশে থাকা নগদ প্রায় এক লাখ টাকা ও ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করা হয়।
এদিকে, খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ সুপার রাফিউল আলমসহ এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই
জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের চুরি কখনই মেনে নেওয়া যায় না। দ্রুত এ চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনাতে হবে।
তবে এ ব্যাপারে পুলিশে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
একাত্তর/এসি