জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া মেলে না পাসপোর্ট। এই অফিসে পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। অনিয়ম আর ভোগান্তির এই অভিযোগ জানানোর পরও উদাসীন সংশ্লিষ্ট কর্মকর্তা।
দেশে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে কাজের জন্য বিদেশে পাড়ি জমান অনেক মানুষ। আর বিদেশ যেতে প্রথমেই দরকার পাসপোর্ট। সেই পাসপোর্ট করাতে গিয়ে জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোগান্তির শেষ নেই।
এই অফিসে পাসপোর্ট করাতে এলে প্রথমেই দালালের খপ্পরে পড়েন সেবা গ্রহীতারা। দালাল এড়িয়ে অফিসে ঢুকতে পারলেও নানা অজুহাতে বাড়তি টাকা দাবি করেন অসাধু কর্মচারীরা। ঘুষ ছাড়া পাসপোর্ট পাওয়ার যেন কোনো উপায়ই নেই।
তবে সাধারণ মানুষের এসব অভিযোগ আমলেই নিতে রাজি নন এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম খান।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল
অন্যদিকে অনিয়ম-ভোগান্তির কথা অভিযোগ বাক্সে জমা দেয়ার পরামর্শ দিয়েই দায়িত্ব সারেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব হোসেন।
দালাল ও অসাধু কর্মকর্তা- কর্মচারীদের অনিয়ম দুর্নীতি বন্ধ করে, ভোগান্তি থেকে মুক্তির কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পাসপোর্ট সেবা নিতে আসা গ্রাহকরা।
একাত্তর/এসজে