বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত

নাটোরের বড়াইগ্রামে নাটোর-বনপাড়া মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের আহম্মেদপুর রাহেলা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আমিরন (৪৫) উপজেলার আহম্মেদপুর গ্রামের জিন্নাতের স্ত্রী।

স্থানীয়রা জানান, আমিরন সকালে নামাজ পড়ে তার বাড়ি থেকে হাটতে বের হন। এসময় নাটোর-বনপাড়া মহাসড়কে রাহেলা হাসপাতালের সংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শেরপুরে অটোচালক হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো