কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী চাচাতো ভাইকে আনতে গিয়ে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কিশোর মো. সিয়াম (১৭) তিতাসের মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার বাক্কা মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে চাচাতো ভাইয়ের বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন সিয়াম। এসময় উপস্থিত লোকজন ও অন্য পরীক্ষার্থীদের সামনেই কয়েকজন লোক এসে সিয়ামকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে এবং ছুরিকাঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা ও শিক্ষার্থীরা। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার জানান, তার কোমরের পেছনের অংশে দুইটি গভীর ছুরিকাঘাত আছে। সোয়া একটায় তাকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। দুপুর পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।
মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঘটনা শুনেই পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে কারা, কেন তাকে মেরেছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ছুরিকাঘাতে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মোহনপুর দাখিল মাদরাসার শিক্ষার্থী চাচাতো ভাইকে আনতে গিয়ে সিয়াম হামলার শিকার হয় বলেও জানান তিনি।
একাত্তর/জো