গাংনীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহতরা হচ্ছেন ওই গ্রামের কলিম উদ্দীনের ছেলে আবুল হোসেন (৬০), মোসারেফ হোসেন (৫৫), মৃত দেওয়ান মণ্ডলের ছেলে উমর আলী (৬০), হারুনর রশিদের ছেলে এনামুল (৩৫), বিল্লাল (৬০), হান্নান (৫৫) ও লেবার মজনুর ছেলে মোহন (২২)।

আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, গ্রামের কলিম উদ্দীন ও হারুনর রশীদের ছেলেদের মধ্যে ২৫ শতাংশ শরীকানা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বর্তমানে জমিটি হারুনর রশীদের ছেলের দখলে রয়েছে। দুপুরে ওই জমির উপর বেড়া দিতে গেলে কলিম উদ্দীনের ছেলেরা ওই জমি তাদের দাবি করে বাঁধা দিতে গেলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

তারা আরও জানান, এতে কলিম উদ্দীন পক্ষের আবুল হোসেন, মোসারেফ হোসেন ও উমর আলী এবং হারুনর রশীদের পক্ষের এনামুল, বিল্লাল ও হান্নান আহত হন। একই সাথে আহত হয় লেবার মোহন। স্থানীয়রা গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং অন্যান্যদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

আরও পড়ুন: হাতিয়ায় তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবেও বলে জানান ওসি।


একাত্তর/জো