চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার বাসিন্দা নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা।
জানা গেছে, নজির জমি জালিয়াতি চক্রের হোতা ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভিতর হাত-পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।