চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহ 'লকডাউন'

করোনার দ্রুত সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে জানান, আজ সোমবার (২৪ মে) রাত ১২টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। 

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঈদের পর থেকে ভারত ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকেরা বৈধ ও অবৈধ উপায়ে দেশে ফিরছেন। বৈধ পথে যারা আসছেন তাদের করোনা পরীক্ষা করা গেলেও অবৈধ পথে যারা প্রবেশ করছেন তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন। 

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, জরুরি পরিষেবা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় আম বাজারজাত করা যাবে। 

এদিকে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল থেকে জেলায় প্রবেশের সকল পথ সিলগালা করা হবে যাতে কেউ জেলায় প্রবেশ করতে এবং জেলা থেকে বাইরে যেতে না পারে। পাশাপাশি সর্বাত্মক কঠোর লকডাউন মেনে চলতে বাধ্য করা জবে জনগণকে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, গতকাল (২৩ মে) করোনা পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে পাঠানো ৯৫ টি নমুনার মধ্যে ৫২টি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া অ্যান্টিজেন টেস্টে আরও সাতজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এই জেলায় সংক্রমণের হার ৫৫ ভাগের ওপরে বলে জানিয়েছেন এই চিকিৎসক। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২৯১ জন এবং মারা গেছেন ২৯ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার পাঁচশ জনের। যার মধ্যে গত এপ্রিল থেকে মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। যার মধ্যে গত ৯ দিনেই আক্রান্ত হয়েছে ১৯৪ জন।




একাত্তর/এসজে/এসি