মির্জাপুরে হাজতে আটক ব্যক্তির আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাঁশতৈল ফাঁড়ি পুলিশের হেফাজতে থাকা লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে হাজতের টয়লেটে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত লেবু মিয়া উপজেলার বাঁশতৈল গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল পশ্চিমপাড়ার বসতঘর থেকে সখিনা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গত রোববার রাতে ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় গতকাল পুলিশ সখিনার সাবেক স্বামী বাঁশতৈল গ্রামের মফিজুর রহমান এবং লেবু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আরও পড়ুন: গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ ও গর্ভপাত, একজনের যাবজ্জীবন

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লেবু মিয়া রাতের কোনো এক সময় ফাঁড়ির হাজতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস