ঘরের মায়েদের মুখে হাসি ফোটালো সনাতন সংগঠন

শুরু হলো শারদীয় দুর্গোৎসবের। আজ ষষ্ঠী। দেবীর বোধন। এরপর অধিবাস। ইতিমধ্যে সনাতন ধর্মের মানুষদের মনে আনন্দের রঙ ছুঁয়ে গেছে। সাজানো হয়েছে মণ্ডপ প্রাঙ্গণ, সেজেছেন মা আনন্দময়ী।

পুজোর এই আনন্দ দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে ১৯৯৮ ও ২০০০ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাচের শিক্ষার্থীরা। তাদের সংগঠনের নাম সনাতন ১৯৯৮-২০০০।

ফেসবুক কেন্দ্রিক ভার্চুয়াল এই সংগঠন এবার দেশের ১৫ জেলার সুবিধাবঞ্চিত শিশু-নারী-পুরুষের মধ্যে আনন্দ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছে।


সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বস্ত্র বিতরণ কর্মসূচি আজও চলমান আছে। শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংগঠনটির উদ্যোগে বস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।

গ্রুপটির অ্যাডমিন পলাশ সরকার জানান, কিছু মানুষ আনন্দময়ীর আগমনে নিরানন্দ পূজা উদযাপন করেন। এটি আমাদের সদস্যদের নজরে আনা হয়। পরে সবার সম্মতিতে ও আর্থিক সহযোগিতায় একটি ফাণ্ড গঠন করা হয়। সেখানে থেকে তালিকা তৈরি করে সামান্য কিছু উপহার ওই মানুষগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের ১৫ জেলায় হাজারেরও ওপরে নারী-পুরুষদের মধ্যে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।


গ্রুপটির আরেক অ্যাডমিন রাজীব মজুমদার জানান, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, মাটির মাকে নতুন বস্ত্র দিলে, আমার সুবিধাবঞ্চিত ঘরের মায়েদের মুখেও হাসি ফোটাবে। সেখানে থেকেই আমাদের এই আয়োজন। আশা করি, আগামী বছরগুলোতে আরও বড়ো পরিসরে আমাদের এই আয়োজন করতে পারবো।

রাজীব জানান, এবার এসএসসি-এইচএসসি-৯৮-০০ ফ্রেন্ডস গ্রুপের তত্ত্বাবধানে ও সনাতন ১৯৯৮-২০০০ গ্রুপের আর্থিক সহযোগিতায় দেশের ১৫ জেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে আছে- মৌলভীবাজার , কক্সবাজার সদর, ফটিকছড়ি উদলিয়া চা বাগান, গাইবান্ধা সদর, বগুড়া সদর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকার মিরপুর, চাঁদপুর, মতলব, কমলাকান্দা, কিশোরগঞ্জের বাজিতপুর, মুন্সীগঞ্জ, খুলনা ও নরসিংদী।


আরও পড়ুন: শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে

রাজীব আরও জানান, এই কর্মসূচিতে তাদের সঙ্গে ছিলেন গ্রুপটির অ্যাডমিন শেখ বৈদ্য কানন, এসএসসি-৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপের অ্যাডমিন মনজুরে মওলা, সনাতনের অর্ণব দত্ত রায়, শুভাশিস চৌধুরী, পলাশ পাল, অপু রায়, অপু দাস, সুভাস রায়, সুব্রত সাহা, কল্যাণ সরকার, সুমন পাল, তাপস, নিতেশ, পল্লবী, পূরবী, পার্থ, তুহিন শীল, সজল সাহা, লাকি চৌধুরী, অজয় সেন, উজ্জ্বল দাস, রনি ডিএসসহ আরও অনেকে।


একাত্তর/এসি