সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল স্থগিত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন। তিনি জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছু্টিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার কথা নিশ্চিত করেছে। পূজার ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
ছুটির এই সময়টিতে ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে বাংলাদেশ থেকেও কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে যাবে না। তবে ইতিপূর্বে ভারতে প্রবেশ করা বা বাংলাদেশে আসা দুই দেশের খালি ট্রাকগুলো নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।
এদিকে বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না। সোনামসজিদ ইমিগ্রেশনের কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বন্দরের মূল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। ফলে বৈধ পাসপোর্টধারী দেশি-বিদেশি যাত্রীরা প্রতিদিনের মতোই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
বন্দরের অভ্যন্তরীণ কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান 'পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড'-এর অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ বন্দর চত্বরে থাকা পণ্যের খালাস (লোড-আনলোড), পরিবহন এবং গুদামজাতকরণের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
