কুমিল্লায় সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের জন্মবার্ষিকী উদযাপন

কুমিল্লায় সঙ্গীতের বরপুত্র, সুর সম্রাট শচীন দেব বর্মণের ১১৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে। শ‌নিবার (১ অক্টোবর) সকাল ১০টা‌র দি‌কে নগরীর উত্তর চর্থায় শচীন দে‌বের পৈত্রিক বাড়ির সামনে স্থা‌পিত মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন সকালে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. কামরুল হাসান। পরে পু‌লিশ প্রশাস‌নের প‌ক্ষ থে‌কে পু‌লিশ সুপার আব্দুল মান্নান, কু‌মিল্লা সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প‌ক্ষে প্যানেল মেয়র হা‌বিবুল আল আমিন সাদী শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, জেলা শিল্পকলা একাডেমি, সংলা‌পের শাহজাহান চৌধুরী, নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, শচীনের শিক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান ইউসুফ হাই স্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পরে উপস্থিত সবাই তার কালজয়ী গান ‘আমি তাক ডুম তাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল’ সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

চল‌তি মা‌সেই কুমিল্লায় শচীন দেব বর্মণের বাড়িতে দুই দিন ব্যাপী শচীন মেলার উদযাপনের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের এক অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায়। তিনি ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজ পরিবারের সন্তান ছি‌লেন।

১৯২০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। এরপর ১৯২২ সালে ওই কলেজ থেকে আইএ পাস করেন। পরে ১৯২৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 

আরও পড়ুন: শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে

গানের আঙিনায় সবাই তাকে ‘শচীন কর্তা’ বলে সম্মান করেন। তার হাত ধরে যেমন এসেছে অসংখ্য কালজয়ী গান, তেমনি তিনি গড়ে তুলেছেন এই উপমহাদেশের অনেক বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে। 

১৯৭৫ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত ভুবনের এই কিংবদন্তি।


একাত্তর/এসি