দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত দুই
কুমিল্লা থেকে একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী ও এক ভবঘুরে যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—উপজেলার হারিসদ্দার এলাকার মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) এবং আনুমানিক ৩২ বছর বয়সী এক ভবঘুরে যুবক।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম আহমেদ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার হাড়ি সরদার এলাকায় শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার কাজে যোগদানের উদ্দেশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
অন্যদিকে, সকালে চৌদ্দগ্রাম পৌরসভার ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ বছর বয়সী এক ভবঘুরে যুবককে আরেকটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে এসেছে। এই দুটি দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যানে আগুন, নিহত তিন
যশোর থেকে একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানান, যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইজিবাইক চালক আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জুয়েল জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোর আলী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত তিন, আহত ২০
কুষ্টিয়া থেকে একাত্তরের প্রতিনিধি জানান, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে নাবিল হোসেন (২৮)। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, বেলা ১২টার দিকে ২০ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
