সিরাজগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঐল ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কা দেওয়ায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (৩ অক্টোবর) রাত ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে পান্না খাতুন (৪৮)। অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।


আরও পড়ুন: দুর্গোৎসবে জঙ্গি হামলার কোনো তথ্য নেই: র‍্যাব প্রধান

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. সালেকুজ্জামান খান জানান, সোমবার রাত সোয়া দশটার দিকে নাটোরের বনপাড়া থেকে একটি মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ঢাকার দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঝাঐল ওভার ব্রীজের কাছে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ব্রীজের রেলিংয়ের সাথে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন আরও ১২ জন। 

তিনি আরও জানান, পরে খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠায়। অন্যদিকে নিহত তিন জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস