প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে নারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মামলার পর এক নারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ। 

বুধবার (৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. সামসুল আরেফিন চৌধুরী।

গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমর্থক ও রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা। 

মামলার বাদী মো. সামসুল আরেফিন চৌধুরী তার অভিযোগে বলেন, সোনিয়া আক্তার স্মৃতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ৩১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করেন। এতে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ ও মানহানি হয়েছে। 


রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান জানান, সামসুল আলম চৌধুরীর দাখিল করা অভিযোগের প্রেক্ষিতে দাঙ্গা অনুষ্ঠানের অভিপ্রায়ে ইচ্ছাকৃতভাবে জনগণের অনিষ্ট সাধনে সহায়তা করার অপরাধে ১৫৩/৫০ পেনাল কোড ১৮৬০ মামলায় সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। মামলাটি এসআই আলেয়া তদন্ত করছেন। 

আরও পড়ুন: হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর মিললো এসএসসির ৫০টি উত্তরপত্র

ওসি আরও জানান, স্মৃতিকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 


একাত্তর/এসজে