পিরোজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুটি বিয়ের আয়োজনের ঘটনায় নিকাহ রেজিস্টারসহ পাঁচজনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে জেলার কাউখালি উপজেলার পারসাতুরিয়া ও সুবিদপুর গ্রামে দুটি বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারসাতুরিয়া গ্রামের অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীর (১৩) সঙ্গে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক তরুণের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও খালেদা খাতুন কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বিয়ের নিকাহ রেজিস্টার মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন সন্ধ্যায় উপজেলা পারসাতুরিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী এক তরুণের (২৫) সঙ্গে একই উপজেলার সুবিদপুর গ্রামের এক স্কুলছাত্রীর (১৪) বাড়িতে বিয়ের কথা ছিল। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে যান। পরে ইউএনও বর ও কনের বাবাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই বিয়েতে জড়িত থাকার অভিযোগে আরও দুই জনকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন বলেন, শিশু দুটির পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ ছাড়া ওই নিকাহ রেজিস্টারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।
একাত্তর/এসি