শেরপুরের নকলায় নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সাথে গলায় ফাঁস দেয়ায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বায়েজিদ রানা (১৬) ওই এলাকার সোহেল রানার ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার বড় রানা এবং এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রাত পৌনে ১২ টার দিকে নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সাথে গলায় ফাঁস দেয় রানা। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: সাতক্ষীরা মেডিক্যালের লিফটে নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ
ঘটনার সত্যতা স্বীকার করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।
একাত্তর/জো