নড়াইলে হাসপাতালের কর্মকর্তা ও নার্সকে মারধর, নারী গ্রেপ্তার

নড়াইল সদর হাসপাতালের নার্স বিউটি পারভীন ও সহকারী পরিচালক মো. আসাদ-উজ-জামান মুন্সিকে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ওই হাসপাতালের গাইনি বিভাগে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত নারী রিমা আক্তার (৪২) রোগী সুমাইয়ার (১৯) শাশুড়ি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের সুমাইয়া গাইনি বিভাগে ভর্তি ছিলেন। দুপুরের দিকে তার স্বামী ইমরান শেখ (২৪) হাসপাতালের লেবার রুমে গিয়ে নার্স বিউটির সঙ্গে তর্কে জড়ান। এসময় ওই নার্স সেই কক্ষের একটি ফ্যান মেরামতের কাজ করাচ্ছিলেন। তর্কাতর্কির এক পর্যায়ে ইমরান তাকে গালাগাল করেন এবং লাথি মারেন। সেসময় ইমরানের মা রিমা তার কাপড়চোপড় ধরে টানা-হেঁচড়া করেন।

নার্সের চিৎকারে হাসপাতালের সহকারী পরিচালক মো. আসাদ-উজ-জামান মুন্সি এগিয়ে এলে ইমরান তাকেও কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। 

অপর দিকে, ইমরানের মা রিমা জানান, তার ছেলের বৌ সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে নার্সকে বারবার ডাকার পরেও তিনি সেখানে আসেননি। বরং এ নিয়ে অভিযোগ করায় হাসপাতালের লোকজন আমাদের উপর হামলা করে মারধর করেছে। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ হাজার মিটার জাল জব্দ 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলা করতে বিকেলে নড়াইল সদর থানায় এজাহার দিয়েছেন নার্স বিউটি পারভীন। মামলা হচ্ছে এবং ইমরানের মা রিমাকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যরা পালিয়ে গেছেন বলেও জানান ওসি। 


একাত্তর/জো