নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
তবে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে এবং ছড়িয়ে পড়া আগুনের অনেক ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যার পর বেন্দারচর এলাকায় চালানো ওই হামলায় একাধিক বাড়িঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে হামলার ঘটনার পর গ্রামের বাড়িঘরে আগুন জ্বলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কালিয়ার এই হামলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছু অতিরঞ্জিত তথ্য প্রচার করা হচ্ছে।
পুলিশ সুপারের দাবি অনুযায়ী, অনলাইনে ছড়িয়ে পড়া বাড়িঘরে আগুন জ্বলার ভিডিওগুলোর অনেকগুলোই এআই প্রযুক্তি দিয়ে বানানো।
