টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
আরও পড়ুন: কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।
একাত্তর/এসি