পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাতে তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় অবৈধ কারেন্ট জাল ও ট্রলারসহ তাদের আটক করে দশমিনা নৌ-পুলিশ।
জানা গেছে, আটককৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার দেবিরচর এলাকার কাশেম হাওলাদারের ছেলে বজলু হাওলাদার (৫০), শামচু মল্লিকের ছেলে আকবর হোসেন (৫২) ও মোকলেস খানের ছেলে বিল্লাল খান (৩১)।
দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া জানান, আটকের সময় তাদের কাছ থেকে দুইটি ট্রলার ও তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তিনি বাদি হয়ে আটক জেলেদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা দায়ের করেন এবং ওই মামলায় আটক জেলেদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রেলকর্মী হাসপাতালে
এদিকে, দশমিনা উপজেলা মৎস্য সংরক্ষণ টাস্কফোর্স কমিটি ও র্যাব-৮ অভিযান চালিয়ে দশমিনার তেতুলিয়া নদী তীরবর্তী কাটাখালী এলাকার ইব্রাহিম হাওলাদারের (৪০) বসতঘর থেকে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলেন।
একাত্তর/জো