নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষখালি নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় ওই দুই জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান তাদের এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

জানা গেছে, দণ্ডিতরা হলেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজরান (১৯) ও শৌলজালিয়ার আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৮)।

সাজার বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে দুই জেলেকে এক বছরের সাজা দেওয়া হয়েছে এবং ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। 

তিনি আরও জানান, এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ৪৬ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছধরার একটি নৌকাসহ ৩৪ কেজি ইলিশ জব্দ করেছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। 

আরও পড়ুন: মেহেরপুরে অটোরিকশা উল্টে বাবা নিহত, ছেলে আহত

উল্লেখ্য, গত সাত দিনে জেলায় ৩১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৮টি অভিযান পরিচালনা করে এক লক্ষ ৭২ হাজার মিটার জাল এবং ৬৮ কেজি ইলিশ ও পাঁচটি নৌকা জব্দ এবং সাত জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। 


একাত্তর/জো