চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে নৈশপ্রহরীর চাকরির আড়ালে মাদকের কারবার চালানো চক্রের মূলহোতাকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৭। এসময় তার চার সহযোগীকেও আটক করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সৈকতে অভিযান চালায় র্যাব-৭।
এসময় ইঞ্জিনচালিত বোট থেকে ইয়াবা খালাসের সময় বোটটি ধাওয়া দিয়ে গভীর সমুদ্রে আটক করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইউসুফ জানান, বোটে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন- পাচারকারী চক্রের মূলহোতা আবদুল মালেক, নিজাম উদ্দিন, হাসান মিয়া, ওমর ফারুক ও ইমরান হোসেন। তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ২৯ লাখ টাকার ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
র্যাব জানিয়েছে, আবদুল মালেক পতেঙ্গা সৈকতে নৈশপ্রহরীর চাকরির আড়ালে কয়েক বছর ধরে মাদক পাচার করে আসছিল। পাচারকারীরা টেকনাফ সীমান্তের মিয়ানমার থেকে ইয়াবা সাগরপথে এনে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় পাচার করত।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একাত্তর/এসজে