বরিশালে ছাগল বাঁধতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আরেক ছেলে গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের টিবিসি ব্রিকস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো কাশেম হাওলাদার (৫৫ ) ও তার ছেলে মুকতার হাওলাদার (৩০)।
স্থানীয়রা জানান, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়। ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সাথে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মুকতার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আর তাদের উদ্ধার করতে গিয়ে আরেক কাশেম হাওলাদারের আরেক ছেলে মনির হোসেনও গুরুত্বর আহত হন।
স্বজনরা জানান, মুমুর্ষ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষনা করেন। অপরদিকে মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুৎ ব্যবহার করতো ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা ও ছেলে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
একাত্তর/এআর