একাত্তরে সংবাদ প্রকাশের পর ফ্রিল্যান্সারের বাড়িতে পলক

এ বছরের অক্টোবর মাসের দুই তারিখ 'অন্ধকার কাকরকান্দির আলো হলেন তৃষ্ণা' এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় একাত্তর টেলিভিশনে, আর এ প্রতিবেদন নজরে পড়ে আইসিটি মন্ত্রণালয়ের। তাই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তৃষ্ণা দিও'র সেন্টার পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি গ্রামে এসে তার সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, সরকার ফ্রিল্যান্সারদের জন্য সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। আপনারা জানেন নালিতাবাড়ী প্রত্যন্ত গ্রাম থেকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা নিয়ে তৃষ্ণা দিও নামে একটি মেয়ে অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আয় করছে। তবে সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট আর সহজলভ্য করার বিষয়ে আমাকে জানিয়েছে। ইতোমধ্যে আইসিটি বিভাগের ইনফো সরকার-৩ প্রজেক্টের মাধ্যমে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ থেকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ তার বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে। আর বিদ্যুতের বিষয়টি এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুত এটিও ঠিক হয়ে যাবে। 

তৃষ্ণা দিও বলেন, পরিশ্রম ও আগ্রহ ছিলো সেজন্যই আমি এতোদূর আসতে পেরেছি৷ আমি ধন্যবাদ জানাই সরকারকে। সরকারের কারণে আমি এখন বিদ্যুৎ ও ইন্টারনেট স্পিড পাচ্ছি। আজ একটা ল্যাপটপ পেয়েছি, পলক স্যার এসেছে আমার বাসায়, আমি খুব খুশি।

আরও পড়ুন: বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে পঞ্চম: পলক

প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক মো. গোলাম মোস্তফা, ইডিসির প্রকল্প পরিচালক খন্দকার আজিজুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর