চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক ডিম ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার নাচোল উপজেলার জোনাকিপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি ওই উপজেলার নেজামপুর ইউপির মরাফেলা গ্রামের বিশারদ আলীর ছেলে। আহত ভ্যান চালকের নাম সাকিব (২০)।
পুলিশ জানায়, সন্ধ্যায় নাচোল বাসস্ট্যান্ড থেকে ডিম ব্যবসায়ী মুজিবুর ভ্যানযোগে নেজামপুর মরাফেলা বাড়ির উদ্দেশে রওনা হন। ভ্যানটি জোনাকিপাড়া মোড়ে পৌঁছলে আমনুরা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো- ট-১৪-৩১১২) একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানচালক সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রথমে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রামেক হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: স্বামীর সংসার করতে নোয়াখালীতে মিশরি তরুণী
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন, ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের খোঁজ করা হচ্ছে। ট্রাকটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
একাত্তর/এসি