গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় আহত হয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তিন কর্মকর্তা।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তিতাসের চন্দ্রা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আতিউর চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান ও ব্যবস্থাপক মোস্তফা মাহাবুব।
এদের মধ্যে প্রকৌশলী আতিউর চৌধুরীর মাথা ফেটে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাহাউদ্দিন মো. ইউসুফ ও জেনারেল ম্যানেজার আবুল বাশারসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০-৭০ জনকে। সোমবার বন্ধ রয়েছে ওই কারখানাটি।
পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানা মূল গ্যাস-সংযোগের পাশ দিয়ে অবৈধভাবে বাইপাস সংযোগ নিয়ে কারখানা চালিয়ে আসছিল।
এ তথ্য পেয়ে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষ কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময়ে কারখানার লোকজন তিতাসের কর্মকর্তাদের মারধর করে অবরুদ্ধ করে রাখে।
পরে কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
আরও পড়ুন: সিত্রাং: ভোলায় গাছ উপড়ে যান চলাচলে বিঘ্ন, চলছে মাইকিং
এ বিষয়ে গাজীপুরে চন্দ্রা জোনাল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সাইজুল ইসলাম জানান, অবৈধভাবে নেওয়া কারখানার বাইপাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলা চালিয়ে মারধর করা হয়। ওই ঘটনায় কালিয়াকৈর থানায় কর্মকর্তাদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল বাশার জানান, তিতাসের কর্মকর্তাদের উদ্ধার করার পর মামলা নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
একাত্তর/এসজে