ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনে সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত লাইনম্যান রিপন মিয়ার (২৮) বাড়ি জেলার সরাইল উপজেলায়। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। দুপুরে রিপন ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার কাজ করছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে খুঁটি থেকে নীচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সন্দ্বীপ চ্যানেলে বালুর ড্রেজার ডুবে নিখোঁজ আটজন
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে নিহত লাইনম্যানের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একাত্তর/জো