ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই কিশোরের মো. শাকিল (১৪)। সে আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের ভাষ্য. সাকিল মানসিক ভারসাম্যহীন ছিলো।
পরিবার জানায়, গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিলো। নিখোঁজের একদিন পর শনিবার রাতে বিজিবি সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় লংকা মোড়া অংশে একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শাকিলের পরিচয় শনাক্ত করেন।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় করা হয়। আইনি আনুষ্ঠানিকতা ও ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশ মরদেহটি নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে ওই কিশোর সীমানা পার হয়ে শূন্যরেখায় গেল এবং তার মৃত্যুর আসল কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ হস্তান্তরের পর পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
