কিশোরগঞ্জের সদরের পাঠানকান্দি থেকে কৃষকের গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পিকআপ উল্টে যাওয়ায় জনতার হাতে চোরাই গরুসহ ধরা খেলো ছয় গরু চোর।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কটিয়াদী থানা পুলিশ জনতার হাত থেকে ওই চোরদেরকে চোরাই গরুসহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মাসুদ আলমের গোয়ালঘরের দরজার তালা ভেঙ্গে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের একটি গরু ভোররাতে চোরেরা নিয়ে যায়। ভোরে দরজা খুলে গরু না পেয়ে মাসুদ আলম বিভিন্ন এলাকায় গরু খুঁজতে থাকেন। এদিকে, মাসুদ আলমের চুরি যাওয়া গরুটি চোরেরা দুপুর পর্যন্ত কোনো এক স্থানে রেখে দুপুরের দিকে গরুটিকে একটি পিকআপে তোলে কটিয়াদী উপজেলার লোহাজুড়ী এলাকা দিয়ে নরসিংদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আরও জানায়, লোহাজুড়ী এলাকার সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় গরু বহনকারী পিকআপটি রাস্তায় উল্টে গরুটি পিকআপ থেকে পড়ে যায়। তখন চোরেরা দ্রুত কাপড় দিয়ে গরুটিকে ঢেকে রাখেন। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করায় গরুটি রেখে চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে তাদেরকে ধরে ফেলেন। এরপর জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেন। তখন উত্তেজিত জনতা চোরদেরকে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় কটিয়াদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটককৃত চোরেরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বরকান্দা নতুনহাটি গ্রামের আবু বাক্কারের ছেলে হৃদয় মিয়া ওরফে নয়ন (২২), একই গ্রামের মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০), একই উপজেলার কোনাহানি বাজার হাটি গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে জীবন হোসেন (২৬), মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর গ্রামের রাজা মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), বাগেরহাটের চিতলমারী বড়বাড়ীয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রমজান মিয়া (৩০) ও কটিয়াদী উপজেলার ফেকামার গ্রামের মস্তোফার ছেলে হুমায়ুন কবীর নাঈম (২২)।
কৃষক মাসুদ আলম জানান, চুরি যাওয়া গরুটি কটিয়াদী পুলিশ উদ্ধার করেছে বলে তিনি খবর পেয়েছেন। ইতোমধ্যে তিনি গরু ফেরত পেতে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: পাংশায় পিটিয়ে-কুপিয়ে হত্যার শিকার তরুণের মরদেহ উদ্ধার
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, পিকআপ ও চোরাই গরুসহ ছয় চোরকে আটক করে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা সবাই পেশাদার চোর বলেও তিনি জানান।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুখলেছুর রহমান জানান, চুরি যাওয়া গরুসহ কটিয়াদী থানায় আটক ছয় চোরকে আনতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
একাত্তর/জো