কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান মিঠামইন থানার পুলিশ কর্মকর্তা এএসআই আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহিন মিয়া ও জহির মিয়া। মামলায় এই দুইজন ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটন নামের অপর এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাটখাল ইউনিয়নে দুটি ট্রলিতে করে সরকারি ইউরিয়া সার সরাচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগলে তারা ট্রলি দুটি আটক করে পুলিশ ও কৃষি বিভাগে খবর দেন। পরে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলি দুটি তল্লাশি চালিয়ে ১১১ বস্তা সার জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত শাহিন ও জহিরকে আটক করে।
মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা অবায়দুল ইসলাম খান অপু বলেন, কৃষি বিভাগের অনুমতি বা কোনো রকম অবহিতকরণ ছাড়াই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার নিয়ে যাওয়া হচ্ছিলো। উপজেলার ভেতরে হলেও কৃষি বিভাগকে না জানিয়ে বিপুল পরিমাণ সার স্থানান্তরের নিয়ম নেই। সরকারি সারের বেচাকেনা ও সরবরাহে কেউ অনিয়ম বা কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
