গাজীপুরে জেলা পরিষদ নির্বাচনে টাকা নিয়ে ভোট না দেওয়ার অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ দুই ভোটারকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে সাবেক চেয়ারম্যানসহ পাঁচ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকাররা হলেন- জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য স্বপ্ন আক্তার ও একই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম।
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলসহ পাঁচ জন।
স্থানীয়রা জানান, জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ওয়াজেদ আলী, লিটন সরকার, জয়নাল সিকদার ও নবীর হোসেনসহ অনেকেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে টাকা নিয়ে জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাককে কেন ভোট দেওয়া হয়নি এ বিষয়ে আলোচনা হয়। এ সময় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বৈঠক শেষে বাড়ির বাইরে উপস্থিত থাকা রাজ্জাকের কয়েকজন সমর্থক সংরক্ষিত নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করেন।
নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার জানান, চেয়ারম্যান তার বাড়িতে সকল সদস্যকে ডেকে নেন। আমরা সেখানে উপস্থিত হলে জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাককে কেন ভোট দেওয়া হয়নি এ নিয়ে চাপ দেয়া হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাকের কয়েকজন সমর্থক আমাকে এবং আরেক সদস্যকে মারধর করেন। এ সময় শফিকুল ভয়ে দৌড়ে পালিয়ে যায় এবং আশপাশ থেকে লোকজন এসে আমাকের উদ্ধার করে আমাকে হাসপাতালে নেয়।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সিনিয়র এক সদস্য জানান, কয়েকজন মেম্বার টাকা নিয়েও প্রার্থীদের ভোট না দেয়ার ঘটনায় চেয়ারম্যান বাড়িতে সবাইকে ডাকা হয়েছিল। টাকার বিষয়গুলো সুরাহার কথা বলে বৈঠক শেষ হওয়ার পর ফেরার পথে কি ঘটেছে তার জানা নেই।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, তিনি বা তার লোকজন কাউকে মারধর করেননি বা পরিকল্পিত কোনো মারধরের ঘটনাও ঘটেনি।
তিনি বলেন, অন্তত পাঁচ প্রার্থী ভোটের জন্য মেম্বারদের টাকা দেয়ার বিষয়টি পরিষদে গিয়ে জানালে গত শনিবার সন্ধ্যায় তার বাড়িতে পরিষদের সকল সাধারণ ও নারী সদস্যদের ডাকা হয়। এসময় কেউ টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে সুরাহার কথা বলা হয়। তবে ফেরার পথে কি হয়েছে তার জানা নেই।
আরও পড়ুন: ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, গত রোববার (২৩ অক্টোবর) ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য স্বপ্না আক্তার বাদি হয়ে সাবেক চেয়ারম্যানসহ পাঁচ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি