টাঙ্গাইলে আওয়ামী লীগের সভায় পাল্টাপাল্টি ধাওয়া

টাঙ্গাইলে আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে স্থানীয় এমপি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতির গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুরে (২৯ অক্টোবর) জেলার ভূঞাপুর উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদ বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভার আহবান করে। সে মোতাবেক সভা চলছিল। 

তার অভিযোগ, এ সময় এমপি তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। তখন এমপির সমর্থকরা মারধর শুরু করে। সেখানে এমপির সঙ্গে কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

তিনি বলেন, পরে জেলা আওয়ামী লীগের নেতা ও তার অনুসারীদের নিয়ে এমপি মিছিল সহকারে কার্যালয় থেকে বের হয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে আমরা কার্যালয় ছেড়ে বের হলে পুলিশ সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

আরও পড়ুন: সরকার রিজার্ভের টাকা দিয়ে ফুর্তি করছে: জিএম কাদের

সংসদ সদস্য ছোট মনির বলেন, নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও উপজেলা সভাপতি মাসুদুল হক মাসুদের লোকদের মধ্যে বালুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। 

ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে ভুঞাপুর-তারাকান্দি সড়কের বাজার এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/এসি