পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরে ভেঙে এখনও গাছতলায় দিনরাত কাটাচ্ছেন দিনমজুর নাসির খাঁ ও তার পরিবার। পরিবারের পাঁচ সদস্য নিয়ে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সুতাবাড়িয়া গ্রামে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
দিনমজুর নাসির খাঁ জানান, ঝড়ে ঘরটি ভেঙে গিয়ে পরিবার নিয়ে বিপাকে আছি। এখন ঘর করার মতো সামর্থ্য নেই। তাই বাধ্য হয়েই গাছের নীচে বাস করছি।
নাসির খাঁ’র স্ত্রী পারভীন বেগম বলেন, বর্তমানে ছেলেদের নিয়ে লিচু গাছের নিচে বাস করছি। শীত এলো কীভাবে থাকবে সে কথা ভেবেও কষ্ট হচ্ছে। এদিকে স্বামী দিনমজুর, আমি অন্যের বাড়িতে কাজ করি। এমন অবস্থায় আমাদের পক্ষে নতুন করে ঘর তোলা সম্ভব নয়।
তিনি বলেন, ঘর ভেঙে যাওয়ার পর জনপ্রতিনিধির কাছে গিয়েছি। তারা কোনো সারা দেয়নি।
চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, তাদের ব্যাপারে খোঁজ নিচ্ছি। কিন্তু এরপর থেকে তিনি আর সাংবাদিকদের ফোন ধরেননি।
আরও পড়ুন: অতিরিক্ত টাকা না পেয়ে এনআইডি’র কপি ছিঁড়ে ফেলার অভিযোগ
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি এখন জানলাম। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সঙ্গে আলাপ করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি