কর্মস্থলে যাবার পথে সড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে বাইসাইকেলযোগে কারখানায় যাওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) দুজনই সেখানকার পোশাক কারখানা গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক। ইসরাফিল হোসেন ছিলেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন কারখানা শ্রমিক।

ইসলাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হন।

আরও পড়ুন: শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ