রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট ও বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর তিনটার দিকে কাট্টলী বিল গাছখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন, বাঘাইছড়ির কেংড়াছড়ি গ্রামের মুক্ত লাল চাকমার ছেলে লিটন চাকমা (২০) ও গ্রাম- বাঘাইছড়ির কেংড়াছড়ি গ্রামের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা মহিলা (২০)। তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি থেকে লংদু যাওয়ার পথে কাট্টলী বিল গাছখিলা এলাকায় যাত্রীবাহী স্পিডবোট ও বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়।
তারা বলছেন, যাত্রীবাহী স্পিডবোট চলন্ত অবস্থায় চালকের চোখে ময়লা পড়ার কারণে চোখ পরিস্কার করতে গিয়ে হঠাৎ বালুভর্তি নৌকার সাথে সংর্ঘষ হয়।
আরও পড়ুন: সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ২৩ জেলে আটক
এতে স্পিডবোটে থাকা ৯ জনের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যান। অন্যদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়।
লংগদু উপজেলা নিবার্হী কর্মকর্তা জনি রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।
একাত্তর/এসজে