অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটিতে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে এই জরুরি গণবিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা সুনিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি সাপেক্ষে সংশ্লিষ্ট সকলের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে পরবর্তীতে সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত নতুন করে কোনো পর্যটককে সাজেক ভ্রমণের পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
