কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণ দিবস পালন করেছেন কমনওয়েলথভুক্ত দেশগুলো। শুক্রবার (১১ নভেম্বর) ময়নামতিতে নিহত সৈনিকদের কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাতটি দেশে হাইকমিশনার ও প্রতিনিধিরা।
এদিন বেলা ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসনের নেতৃত্বে সাত দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা এ স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের হাই কমিশনার পিটার ডি. হাস, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার, কানাডার হাইকমিশনার ড. লিল্লি নিকলস, জাপানের হাই কমিশনার ইটো নাউকি, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার ক্বামার আব্বাস খোখার ও ভারতের দূতাবাসের প্রতিনিধি ব্রিগেডিয়ার এমএস সাবারওয়াল এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিসহ অন্যরা।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র বাইবেল পাঠের পর ফাদার ক্যাট্টিক প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাট্টারটন ডিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রার্থনা পর্ব শেষে সমাধিক্ষেত্রের হলিক্রসে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বী আহসান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী ও জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন।
এর আগে গার্ড অব অনার দেওয়া হয়। পরে হাইকমিশনার ও প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির হলিক্রস পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। ওই প্রার্থনা ও স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিগণ সমাধিস্থল পরিদর্শন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেপ্তার
পরে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাইকমিশনার ও তাদের প্রতিনিধিরা যুদ্ধাহতদের স্মরণে প্রার্থনা অনুষ্ঠান শেষে হাইকমিশনার, প্রতিনিধি ও তাদের সঙ্গে আসা পরিবারের লোকজন কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে শায়িত বীর যোদ্ধাদের সমাধি ঘুরে দেখেন।
প্রসঙ্গত, কমনওয়েলভুক্ত দেশগুলো সংগঠন কমনওয়েলথ গ্রেইভস কমিশনের তত্ত্বাবধানে এ সমাধি ক্ষেত্র পরিচালিত হয়ে আসছে। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় নিহত সৈনিক ও সেনা কর্মকর্তাদের সমাধিস্থল এটি। ময়নামতি ওয়ার সিমেট্রিতে ৭৩৭ জন সমাহিত আছে।
একাত্তর/এসি