অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা থাকলেও, দেশের বিভিন্ন জেলায় ইচ্ছেমত যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। দূরপাল্লার বাসগুলোতেও যাত্রীরা উঠছেন মাস্ক ছাড়াই।
চালক-হেলপার কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অবাধ চলাফেরায় করোনা সংক্রমণ আবারো বাড়ার শঙ্কার করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বন্দরনগরী চট্টগ্রামে লকডাউন ও গণপরিবহনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকে মানুষের চলাচল বেড়েছে কয়েকগুণ। ৬০ শতাংশ ভাড়া নিয়ে অর্ধেক আসনে যাত্রী বসালেও, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হচ্ছে না কোন পরিবহনে। অনেকে মাস্ক ছাড়াই চলছেন।
এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির বলেন, “এভাবে চলতে থাকলে আবারো সংক্রমণ বাড়বে”।
অনেকটা একই অবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায়। বাসষ্ট্যান্ডে নজরদারি না থাকায়, বাস, লেগুনা, টেম্পোসহ কোন গণপরিবহনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উত্তরের জনপদেও একই চিত্র। রংপুরে প্রতিটি আসনেই যাত্রী বসানো হচ্ছে। আগের মতোই গাদাগাদি করে বাসে উঠছেন যাত্রীরা। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। পড়ছেন না মাস্ক।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকলেও তদারকিতে নেই কেউ। উল্টো গণপরিবহনের ট্যাক্স-ভ্যাট মওকুফের দাবি জানাচ্ছেন পরিবহন নেতারা।
আর রাজধানীর পাশেই গাজীপুরে চলাচল করা বাসগুলোতেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। আর এসব নিয়ে মাথাব্যথাও নেই প্রশাসনের।
একাত্তর/এআর