শেরপুরের নালিতাবাড়ীতে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে শ্যালোচালিত ১০টি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইজারার শর্ত না মেনে এবং ইজারা বহির্ভূত স্থান থেকে শ্যালোচালিত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিলো ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দুপুরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আরও পড়ুন: নন্দীগ্রামে খাদ্য কর্মসূচির ৫৪০ কেজি চালসহ ভ্যানচালক আটক
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়েন। পরে খনন কাজে ব্যবহৃত শ্যালোচালিত ১০টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়। একইসঙ্গে শ্যালোর জ্বালানী হিসেবে রাখা ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
একাত্তর/জো