নকল সরবরাহের দায়ে অফিস সহকারীর দুই বছর জেল

পটুয়াখালীর দুমকিতে আলিম (এইচএসসি) ইংরেজি (২য় পত্র) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় এক অফিস সহকারীকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাজাপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস সাকুর (২৪) বরগুনা জেলার আমতলী থানার কুকুয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই মাদ্রাসায় পরীক্ষা চলাকালে নকল সরবরাহের সময় মাদ্রাসাটির প্রধান অফিস সহকারীকে নকলসহ হাতেনাতে আটক করেন তিনি। 

আরও পড়ুন: শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

পরে বিকেল চারটার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো