ছুরিকাঘাতে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা, হত্যাকারী আটক

পাবনায় এক পেঁয়াজ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে আটক করেছে।

২২ নভেম্বর (মঙ্গলবার) বিকালে সদরের পৌর এলাকার আরিফপুর হাজিরহাট এলাকার এ ঘটনা ঘটে।

জানা গেছে, খুন হওয়া আব্দুল করিম প্রামাণিক (৬০) সদরের দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে। আর আটক মনির সরদার (৫০) একই ইউনিয়নের আরিফপুর গ্রামের বাদশা সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনাটি হাজিরহাট পেঁয়াজের আড়তের পাশেই হয়েছে। খুনি সকাল থেকে একটি ছুরি নিয়ে ওই এলাকায় ঘুরছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রকাশ্যে সকলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনার সময় তার সাথে অন্য কেউ ছিলোনা।

ঘটনার সত্যতা স্বীকার করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুন হওয়া ব্যক্তির পরিবার ও স্থানীয়দের বর্ণনা অনুসারে খুনির নাম-পরিচয় নিশ্চিত হয়ে তাকে দ্রুত অভিযান চালিয়ে আটক করা হয়। 

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোন কথাই বলেননি। তার মাদকাসক্তি বা মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

হত্যাকাণ্ডর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (২৩ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো