আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণে আহত পাঁচ

বগুড়ার আদমদীঘিতে সারা দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও আদমদীঘির কুখ্যাত রাজাকার খোকাকে গ্রেপ্তার ও দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে উপজেলা যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এতে মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌছা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর চারটি ককটেল নিক্ষেপ করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। দুইটি ককটেল বিস্ফোরিত হলে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের পলাশ, মিঠু, রাসেল, রিফাত ও বাপ্পী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: আশুলিয়ায় সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুইটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো