নাটোরে কর্তব্যরত ট্রাফিক উপ-পরিদর্শককে (টিএসআই) শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের নিচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুপুরে শহরের নিচা বাজার এলাকার প্রধান সড়কে কর্তব্যরত ছিলেন ট্রাফিক উপ-পরিদর্শক মো. আমিরুজ্জামান। এসময় শহরের ছায়াবানি মোড়ের সরু সড়কে প্রাইভেটকার রেখে যানজট তৈরি করায় চালক বেলালকে গাড়ি রং পার্কিংয়ের মামলা দেন ওই পুলিশ কর্মকর্তা।
এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে গালিগালাজ করতে থাকেন বেলাল। এসময় গাড়িটি সাইড করতে বললে বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে আমিরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার পোশাকের সোলডার ব্যাজ ছিঁড়ে ফেলেন।
আরও পড়ুন: আদালতে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু
ওসি জানান, পরে নাটোর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ বেলালকে আটক করে থানায় নিয়ে যায়।
নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এসজে