রাজবাড়ীতে ইয়াবাসহ আট মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫১০টি ইয়াবাসহ আট মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।  

শনিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার সময় বালিয়াকান্দি তালপট্টি চেয়ারম্যান মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত নায়েব আলী ওরফে গেদা (৪০) রাজবাড়ী সদর উপজেলার চরবেনীনগর গ্রামের মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একদল পুলিশ বালিয়াকান্দি তালপট্টি চেয়ারম্যান মোড়ের মো. হারুন মিয়ার স’মিলের সামনে ইটের রাস্তার ওপর থেকে গেদাকে ৫১০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। 

আরও পড়ুন: চাচার বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চাচা পলাতক 

রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আগের সাতটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো