ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মুঠোফোন ব্যবসায়ী হামিদুর রহমান জনি হত্যা মামলার একমাত্র আসামি সজিব আহমেদ অপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার কুষ্টিয়া জেলার মনহরদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
গ্রেপ্তারকৃত অপু হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো: রাসেল জানান, মোবাইল ব্যবসায়ী জনি হত্যা ও মামলার পর থেকেই র্যাব মূল আসামি গ্রেপ্তারে অভিযানে নামে।
আরও পড়ুন: চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামি অপু কুষ্টিয়া জেলার মনহরদি গ্রামে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জেলার হরিনাকুন্ডু উপজেলা বাজারে মুঠোফোনের ব্যবসা ছিলো জনির। অভিযুক্ত আসামি অপু কয়েকদিন আগে ওই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে ক্রয় করে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে আসামি অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
একাত্তর/আরবিএস