কুমিল্লায় গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক ক‌রে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের আমিরসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার ২০ জনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করতে উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ গোপন বৈঠকে বসেন। 

খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতারা পুলিশের ওপর হামলা চালান। এসময় পুলিশের উপ-পরিদর্শক জুয়েল, সহ-উপ-পরিদর্শক বল্লম মজুমদার ও চার কনস্টেবলসহ ছয়জন আহত হন। 

আরও পড়ুন: নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

এ ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদি বই। 

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করে আদালত পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে