কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিএনপির কুমিল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা বিএনপির আহবায়ক হাজীর আমিনুর রশিদ ইয়াছিন জানান, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পল্লবী থানার ৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ওয়াসিম, জহির যাচ্ছিলেন। এসময় দলীয় কার্যালয়ের প্রবেশপথ থেকে তাদের গাড়িতে উঠিয়ে নেয় পুলিশ।
পরে ওয়াসিম ও জহিরকে ছাড়াই নেতাকর্মীরা মিছিল বের করেন।
এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু বলেন, ঢাকার সমাবেশের পূর্বে নেতাকর্মীদের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিলো কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় ওয়াশিম ও জহিরকে ধরে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আমরা তাদের ধাওয়া দিইনি। তারাই পালিয়েছেন আমাদের দেখে। আর ওয়াসিম ও জহিরের নামে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/আরএ