শরীয়তপুর জেলার সখিপুরে বিশেষ অভিযানে সাড়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮।
বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুর মুন্সিকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন ওই এলাকার মৃত হামিদ সরদারের ছেলে শহিদ সরদার (৪০) ও মৃত নূর মোহাম্মাদের ছেলে নাজমুল তালুকদার (৩২)।
র্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে বাহাদুর মুন্সিকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে শহিদ ও নাজমুলকে সাড়ে দশ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন শরীয়তপুর জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
আরও পড়ুন: সীমান্তে আট ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকসহ চারজন আটক
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একাত্তর/জো